GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / ফেনীতে ক্রাশিং মিলের মেশিনে লুঙ্গি পেঁচিয়ে মিল মালিকের মর্মান্তিক মৃত্যু

ফেনীতে ক্রাশিং মিলের মেশিনে লুঙ্গি পেঁচিয়ে মিল মালিকের মর্মান্তিক মৃত্যু

ফেনী শহরের মুক্তাবাজার এলাকায় চাল ও মশলা গুঁড়ো করার ক্রাশিং মিলের মেশিনে লুঙ্গি পেঁচিয়ে নুরুল ইসলাম ছোট্টু (৫৫) নামে এক ব্যবসায়ী ও মিল মালিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের ব্যস্ততম মুক্তাবাজার এলাকার ‘হযরত শাহজালাল ক্রাশিং মিল’-এ কাজ করার সময় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে।

নিহত নুরুল ইসলাম ছোট্টু জেলার ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের বাসিন্দা ছিলেন এবং তিনি দীর্ঘ দিন ধরে মুক্তাবাজার এলাকায় মশলা ও চাল ভাঙানোর ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মুক্তাবাজারের জুলাই চত্বর সংলগ্ন নিজ ক্র্যাশিং মিলে মশলা গুঁড়ো করার কাজ করছিলেন তিনি।

কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তার পরনের লুঙ্গিটি চলন্ত মেশিনের দ্রুত ঘূর্ণায়মান বেল্টের সাথে জড়িয়ে পড়ে।

এতে মুহূর্তের মধ্যে তিনি মেশিনের বেল্ট ও চালক যন্ত্রের ভেতরে পেঁচিয়ে গিয়ে মারাত্মকভাবে জখম হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার খবর পেয়ে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান যে পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মর্মান্তিক এই দুর্ঘটনার সার্বিক কারণ ও পারিপার্শ্বিক বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং নিহতের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

হঠাৎ এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ব্যবসায়ীর পরিবার এবং মুক্তাবাজার এলাকার অন্যান্য ব্যবসায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Social Icons