GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আইন ও অপরাধ / আদালত / ফেসবুকে ‘আপত্তিকর মন্তব্য’, ডিএজি ছোটনের বিরুদ্ধে রুমিনের অভিযোগ

ফেসবুকে ‘আপত্তিকর মন্তব্য’, ডিএজি ছোটনের বিরুদ্ধে রুমিনের অভিযোগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ফেসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’ মন্তব্যের অভিযোগ এনেছেন সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা

সোমবার (১৪ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়ে ডিএজি ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তবে অভিযোগের বিষয়ে এখনো ডিএজি নজরুল ইসলাম ছোটনের বক্তব্য জানা যায়নি।

রুমিন ফারহানা অভিযোগ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ডিএজি নজরুল ইসলাম ছোটন গত ১১ সেপ্টেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। ওই পোস্টে তাকে লক্ষ্য করে ‘অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ’ ভাষায় মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা বলেন, একজন দায়িত্বশীল সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের হুমকি, অশোভন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত আচরণ তার জন্য অপমানজনক। একই সঙ্গে এটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাদারিত্বকেও ক্ষুণ্ন করে।

তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয় কোনো দলের নয়, বরং সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। রাষ্ট্রপক্ষের একজন ডিএজির কাছ থেকে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত আচরণ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ‘উপযুক্ত’ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রুমিন ফারহানা।

অভিযোগের প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট ফেসবুক আইডির লিংক ও পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে।

Social Icons