মহাসড়কে স্লিপার বাস চালাতে হলে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি থাকতে হবে। বিআরটিএ যেসব বাসের চলাচলে অনুমতি দিয়েছে, শুধু সেগুলোই সড়কে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন হাইকোর্ট।
মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনে সাড়া দেননি আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস নয়
আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। পরে তিনি জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন সড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিল।
আইনজীবী আদালতে সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর বিভিন্ন বিধানের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, আইনের ৪০ ধারায় যানবাহনের কারিগরি স্পেসিফিকেশন বা কারিগরি বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়েছে।
এই কারিগরি স্পেসিফিকেশন কেউ লঙ্ঘন করলে সেটি আইনের ৮০ ও ৮৪ ধারার আওতায় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছর কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা বলে আদালতকে জানানো হয়।
রুট পারমিট ছাড়া গাড়ি চলাচল নয়
আইনজীবী আরও জানান, সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর ২৮ ধারায় রুট পারমিটের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। রুট পারমিট ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না।
পরে আইনজীবী মো. রাফিউল ইসলাম বলেন, আদালত জানিয়েছেন, বিআরটিএ যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, সেগুলোই রাস্তায় চলাচল করবে।
তিনি আরও বলেন, স্লিপার বাস চালানোর জন্য বিআরটিএর অনুমতি নেই এবং হাইকোর্টও এ ধরনের বাস চলাচলের অনুমতি দেয়নি।
বাস মালিক সমিতির আবেদনে সাড়া দেয়নি আদালত
মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। তবে আদালত সেই আবেদনে সাড়া দেননি।
ফলে বিআরটিএর অনুমোদন ও প্রয়োজনীয় রুট পারমিট ছাড়া স্লিপার বাস মহাসড়কে চলাচল করতে পারবে না।






