GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / বিদেশফেরত যাত্রী রেখে চলে গেল বাস, ৯৯৯-এ ফোনে উদ্ধার পাসপোর্ট-লাগেজ

বিদেশফেরত যাত্রী রেখে চলে গেল বাস, ৯৯৯-এ ফোনে উদ্ধার পাসপোর্ট-লাগেজ

সৌদি আরব থেকে দেশে ফেরার পর বাসে নিজের পাসপোর্ট, লাগেজ ও অন্যান্য মালামাল রেখে ওয়াশরুমে গিয়েছিলেন এক যাত্রী। ফিরে এসে দেখেন, তাকে রেখেই বাসটি চলে গেছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশের সহযোগিতায় বাসটি থামিয়ে তার সব মালামাল উদ্ধার করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ বিষয়টি জানায়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, মোজাম্মেল নামে এক সৌদিফেরত যাত্রী রোববার রাতে বীরগঞ্জের দশমাইল এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোন করেন।

তিনি জানান, শনিবার ঢাকার বিমানবন্দরে নামার পর আব্দুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন তিনি।

পথে দিনাজপুরের দশমাইল এলাকায় যাত্রী ওঠানোর জন্য বাসটি থামলে তিনি সুপারভাইজারকে জানিয়ে ওয়াশরুমে যান। কিন্তু ফিরে এসে দেখেন, বাসটি তাকে রেখেই চলে গেছে

বাসে তার দুটি পাসপোর্ট, একটি বিমানের টিকিট এবং বিদেশ থেকে নিয়ে আসা মালামালসহ লাগেজ ছিল।

বিষয়টি জানার পর ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বীরগঞ্জ থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।

পরে বীরগঞ্জ থানার একটি টহল দল শহীদ মিনার মোড়ে চলন্ত বাসটি থামায়। এ সময় বাস থেকে মোজাম্মেলের দুটি পাসপোর্ট, লাগেজ ও অন্যান্য মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

পরবর্তী সময়ে ওই যাত্রী থানায় উপস্থিত হলে উদ্ধার করা সব মালামাল তার কাছে বুঝিয়ে দেওয়া হয়

Social Icons