বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া রাষ্ট্রপ্রধান হিসেবে খ্যাত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং এবং তার মন্ত্রিসভার সদস্যদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের জাতীয় পার্লামেন্টে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে নতুন এই বেতন কাঠামোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী লরেন্স ওং।
নতুন সুপারিশ ও কাঠামো অনুযায়ী, প্রধানমন্ত্রীর নির্ধারিত বেঞ্চমার্ক বার্ষিক বেতন ২২ লাখ সিঙ্গাপুর ডলার থেকে বাড়িয়ে ৩৬ লাখ সিঙ্গাপুর ডলার নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় ৬০ শতাংশের বেশি।
একই সাথে উপপ্রধানমন্ত্রীর বার্ষিক বেঞ্চমার্ক বেতন ১৮ লাখ ৭০ হাজার সিঙ্গাপুর ডলার থেকে বাড়িয়ে ৩০ লাখ ৬০ হাজার ডলার করা হয়েছে।
এছাড়া পদমর্যাদা ও অর্পিত দায়িত্বের ওপর ভিত্তি করে মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীরা বছরে ১৮ লাখ থেকে সর্বোচ্চ ২৮ লাখ ৮০ হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত বেতন পাবেন।
তবে সাধারণ নাগরিকদের আবেগের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী লরেন্স ওং ঘোষণা দিয়েছেন যে, তার নিজের বৃদ্ধি পাওয়া অতিরিক্ত বেতনের পুরো অর্থ মেয়াদ চলাকালে জনকল্যাণমূলক কাজে দান করে দেবেন।
সিঙ্গাপুর সরকার দীর্ঘ দিন ধরেই দক্ষ ও যোগ্য ব্যক্তিদের রাজনীতিতে আকৃষ্ট করা এবং সরকারি খাতের দুর্নীতি দূর করতে রাজকীয় বেতনের এই নীতি সমর্থন করে আসছে।
পার্লামেন্টে লরেন্স ওং উল্লেখ করেন যে দীর্ঘ ১৫ বছর ধরে সিঙ্গাপুরের মন্ত্রীদের বেতন কাঠামোতে বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয়নি এবং একটি নিরপেক্ষ স্বাধীন কমিটির সুপারিশেই এই পরিবর্তন।
তবে বর্তমান মন্ত্রীরা সরাসরি পুরোটাই পাবেন না; আগামী ১৫ অক্টোবর থেকে ব্যক্তিগত কর্মদক্ষতা অনুযায়ী সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত এককালীন সমন্বয় করা হবে এবং পরবর্তীতে তা পারফরম্যান্সের ওপর নির্ভর করবে।
আন্তর্জাতিক বিভিন্ন সূচকে বিশ্বের অন্যতম শীর্ষ দুর্নীতিমুক্ত ও প্রশাসনিকভাবে সফল দেশ হিসেবে দীর্ঘদিন ধরে নিজেদের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর।

