রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে ফুটপাত ব্যবহার করতে গিয়ে তাদের অভিজ্ঞতা ও ভোগান্তির কথা শোনেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
শনিবার (১৭ অক্টোবর) সকালে মিরপুর-১০ এলাকায় এ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
পথচারীদের সুবিধা-অসুবিধার খোঁজ নিলেন
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর চলাচলে কতটা সুবিধা হয়েছে। বর্তমানে হাঁটাচলার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি না, সে বিষয়েও তাদের সঙ্গে কথা বলেন তিনি।
এ ছাড়া রাজধানীর ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষ কোনো ধরনের ভোগান্তির মুখে পড়ছেন কি না, তা জানতে চান প্রধানমন্ত্রী। পথচারীরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরলে তিনি সেগুলো মনোযোগ দিয়ে শোনেন।
ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ
প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের ফুটপাত পথচারীদের ব্যবহারের উপযোগী রাখা, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
তিনি বলেন, নগরীর ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা জরুরি।
ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা ও পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।









