GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / যাত্রাবাড়ীতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা, স্বামী পলাতক

যাত্রাবাড়ীতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা, স্বামী পলাতক

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়ার গোবিন্দপুর এলাকায় পারিবারিক কলহের জেরে বিষপানে সালমা (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তার স্বামী মাছ ব্যবসায়ী সাধু মিয়া পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে গোবিন্দপুরের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় স্বজনরা সালমাকে উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সালমার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার রসুলপুর গ্রামে। তিনি রেহমত আলীর মেয়ে। যাত্রাবাড়ীর শনির আখড়ার গোবিন্দপুর এলাকার একটি ভাড়া বাসায় স্বামী সাধু মিয়ার সঙ্গে বসবাস করতেন তিনি।

নিহতের বোন পারভীন জানান, প্রথম সংসার ভেঙে যাওয়ার পর প্রায় ছয় মাস আগে প্রেমের সম্পর্কে মাছ ব্যবসায়ী সাধু মিয়াকে দ্বিতীয় বিয়ে করেন সালমা। তবে বিয়ের পর থেকেই স্বামীর পরকীয়া ও শারীরিক নির্যাতন নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল

পারভীনের দাবি, সালমা প্রায়ই অভিযোগ করতেন, তার স্বামী তাকে মারধর করতেন এবং রাতে ঘুমাতে দিতেন না।

তিনি আরও জানান, বুধবার রাতেও সালমা ফোন করে তাকে নির্যাতনের কথা জানান। পরদিন সকালে পারভীনের বাসায় এসে কান্নাকাটি করেন সালমা। পরে বেলা ১১টার দিকে সালমা নিজেই ফোন করে জানান, তিনি বিষপান করেছেন এবং তার মৃত্যুর জন্য স্বামী দায়ী

নিহত সালমার কোনো সন্তান নেই।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে

Social Icons