ঢাকার সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী হলে শেখ হাসিনার বিষয়ে ভারতকে স্পষ্ট অবস্থান নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, সরকার তাকে বিচারের মুখোমুখি করতে চায়। এ বিষয়ে ভারত সরকারকে বারবার আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়তে হলে ভারতকে শেখ হাসিনার বিষয়ে তাদের চিন্তাধারা পরিষ্কার করতে হবে।
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের প্রসঙ্গ তুলে জাহেদ উর রহমান বলেন, সেখানে বিভিন্ন ইস্যুর মধ্যে শেখ হাসিনা ও অন্যদের বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে কার্যকর যোগাযোগের জন্য এসব বিষয় ভারতকে বিবেচনা করা উচিত বলে তিনি জানিয়েছেন।
অন্যদিকে, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর পরিশোধ সংক্রান্ত আদালতের রায় প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার।
তিনি বলেন, কর মওকুফের বিষয়ে কী রায় হয়েছিল এবং কেন তা তখন কার্যকর হয়নি, তা নিয়ে কিছুটা ভুল ধারণা ছিল। এখন আদালতের রায়ে ওই কর পরিশোধের কথা বলা হয়েছে। হাইকোর্টে রায় হয়েছে এবং ওই কর তাদের দিতে হবে বলেও জানান তিনি।
এ ছাড়া ক্রিপ্টোকারেন্সিকে সরকার সাধারণ বাণিজ্যের অন্তর্ভুক্ত করতে চায় না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
