দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে সাব্বির রহমানের। তাকে নিয়ে বিসিবির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।
সাব্বির রহমান সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২২ সালে। এরপর প্রায় চার বছর কেটে গেলেও জাতীয় দলে আর সুযোগ পাননি তিনি। বর্তমানে তার বয়স ৩৫-এর কাছাকাছি হলেও জাতীয় দলে ফেরার দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি।
সম্প্রতি টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করেছেন সাব্বির। সাত ম্যাচে ছয় ইনিংস খেলে তিনি করেছেন ১৮৪ রান। এর মধ্যে রয়েছে দুটি ফিফটি এবং ৪৭ রানের একটি ইনিংস।
তার এই পারফরম্যান্সের পর জাতীয় দলের বিবেচনায় তিনি আছেন কি না, সেই প্রশ্নের জবাবে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার জানান, সাব্বিরকে নিয়ে তারা চিন্তাভাবনা করেছেন।
হাবিবুল বাশার বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে টপ এন্ডে সাব্বির ভালো ব্যাটিং করেছেন। তবে তার সুযোগ এখনো আসেনি।
তিনি আরও জানান, সামনে বাংলাদেশের অনেক খেলা রয়েছে এবং সেই পরিকল্পনায় সাব্বিরও আছেন। দীর্ঘদিন পর তিনি দলে কামব্যাক করেছেন। ভবিষ্যতে কী হয়, সেটি সময়ই বলে দেবে।
জাতীয় দলে ফেরার জন্য সাব্বিরকে কী করতে হবে, সেটিও জানিয়েছেন হাবিবুল বাশার। তার মতে, সাব্বিরকে বসিয়ে না রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ‘এ’ দলের টুর্নামেন্টে সুযোগ দেওয়া প্রয়োজন।
সাব্বিরের সক্ষমতা রয়েছে এবং সুযোগ পেলে তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন বলেও মন্তব্য করেছেন হাবিবুল।
তবে শেষ পর্যন্ত কন্ডিশন ও দলের প্রয়োজন অনুযায়ী জাতীয় দলে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির নির্বাচক।








