GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / বিএনপি / সেই আলমগীরের নেতৃত্বাধীন কৃষক দলের কমিটি বিলুপ্ত

সেই আলমগীরের নেতৃত্বাধীন কৃষক দলের কমিটি বিলুপ্ত

পদের জোরে বিগত আড়াই বছর ধরে পতেঙ্গায় বেপরোয়া চাঁদাবাজিতে লিপ্ত থাকার অভিযোগ ওঠা চট্টগ্রাম মহানগর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীরের নেতৃত্বাধীন পুরো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বুধবার এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিঠিতে ‘অনিবার্য কারণবশত’ উল্লেখ করা হলেও উত্তর ও দক্ষিণ পতেঙ্গায় বিভিন্ন খাতে চাঁদাবাজির অভিযোগ নিয়ে আলমগীর ও তার নেতৃত্বাধীন সিন্ডিকেটের বিরুদ্ধে যুগান্তরে সংবাদ প্রকাশের পর কেন্দ্র থেকে এই কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তে দলের সাধারণ নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

তারা জানান, ২০২২ সালে কৃষক দল চট্টগ্রাম মহানগরের ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। চার বছর ধরে সেই কমিটি আর পূর্ণাঙ্গ করা হয়নি।

এই অপূর্ণাঙ্গ কমিটির নেতা হয়েই আলমগীর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে নগরীর উত্তর ও দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে ঘাট দখল, চর দখল, হোটেল ব্যবসা দখল এবং অন্যের জমিতে সাইনবোর্ড ঝুলিয়ে চাঁদা আদায়সহ বিভিন্ন অভিযোগে জড়িয়ে পড়েন বলে সংশ্লিষ্টরা জানান।

অভিযোগ রয়েছে, নিজের ভাই ও অঙ্গ সংগঠনের নেতাদের সমন্বয়ে সিন্ডিকেট গড়ে তুলে ব্যবসায়ী ও চোরাকারবারিসহ বিভিন্ন খাত থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করতেন আলমগীর। তার কর্মকাণ্ডে পুরো পতেঙ্গা একপ্রকার জিম্মি হয়ে পড়েছিল বলেও অভিযোগ করা হয়েছে।

তার চাঁদাবাজির কারণে বিএনপি ও সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছিল বলে দলীয় সূত্রের দাবি। নগর বিএনপি ও কেন্দ্রীয় নেতারা তাকে সতর্ক করলেও তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে।

এ নিয়ে বুধবার দৈনিক যুগান্তরে ‘সবখাতে চাঁদাবাজি: কৃষকদলের আলমগীরে জিম্মি পতেঙ্গা’ শিরোনামে এবং অনলাইন সংস্করণে ‘চাঁদাবাজির ‘ফ্রাঙ্কেনস্টাইন’-কে এই কৃষক দল নেতা আলমগীর?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

এর পরদিনই আলমগীরের নেতৃত্বাধীন চট্টগ্রাম মহানগর কৃষক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

Social Icons