ইসলামিক উত্তরাধিকার ও হেবা (দান) সংক্রান্ত আইনে কোনো ধরনের পরিবর্তনের উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। বাবা-মায়ের প্রতি দরদের অজুহাতে ধর্মীয় বিধানে পরিবর্তন না করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন রফিকুল ইসলাম মাদানী।
হেবা আইন পরিবর্তনের সমালোচনা
বাবা-মায়ের প্রতি দরদ দেখাতে গিয়ে দান করা সম্পত্তি আইন বা হেবা পরিবর্তনের উদ্যোগের সমালোচনা করেন তিনি।
রফিকুল ইসলাম মাদানী বলেন, ‘বাবা-মায়ের প্রতি দরদ দেখাতে গিয়ে দান করা সম্পত্তি আইন (হেবা) যদি পরিবর্তন করা হয়, কিছুদিন পর তো বলা হবে—ছেলেটাও আমার, মেয়েটাও আমার; সম্পত্তি কেন কম-বেশি দিব? আরেক দরদ! অতএব, এই দরদ-দরদ খেলা বন্ধ হোক এখনই।’
আল্লাহর আইনে পরিবর্তনের প্রয়োজন নেই
রফিকুল ইসলাম মাদানীর মতে, আল্লাহর প্রণীত আইন মানুষের কল্যাণের জন্যই নির্ধারিত।
তিনি বলেন, ‘আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন। উনার চেয়ে বান্দার প্রতি দরদী আর কেউ নেই। তিনি যা আইন করেছেন, সকলের কল্যাণের জন্যই করেছেন। এখানে এক্সট্রা মাতব্বরির কিছু নাই!’
বিধানের মধ্যে কল্যাণ মেনে নেওয়াই ঈমান
ধর্মীয় বিধানের তাৎপর্য পুরোপুরি বুঝতে না পারলেও এর মধ্যে কল্যাণ রয়েছে বলে বিশ্বাস করাকে ঈমানের অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।
মাদানী বলেন, ‘রবের হুকুম বুঝে না আসলেও, এর মধ্যে কল্যাণ মেনে নেওয়ার নামই ঈমান। আর যে মানে, সে-ই মুসলিম।’



