যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক চন্দ্র অভিযান ‘আর্টেমিস ৩’ (Artemis III) মিশনের জন্য চূড়ান্ত চার নভোচারীর নাম ঘোষণা করেছে।
পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালে এই জটিল ও দূরদর্শী মহাকাশ মিশনটি উৎক্ষেপণ করা হবে।
নাসার দেওয়া তথ্য মতে, আর্টেমিস-৩ মিশনে নভোচারীরা বিশেষ ওরিয়ন মহাকাশযানে চেপে বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্পেস লঞ্চ সিস্টেম (SLS) রকেটের মাধ্যমে চাঁদের উদ্দেশে যাত্রা করবেন।
এই ঐতিহাসিক অভিযানের চার সদস্যের মূল দলে নেতৃত্ব দেবেন নাসার অভিজ্ঞ নভোচারী ও মিশন কমান্ডার র্যান্ডি ব্রেসনিক।
দলে পাইলট হিসেবে থাকবেন ইউরোপীয় মহাকাশ সংস্থার (ESA) ইতালীয় নভোচারী লুকা পারমিতানো। এছাড়া মিশন বিশেষজ্ঞ হিসেবে যুক্ত হয়েছেন নাসার ফ্র্যাঙ্ক রুবিও এবং আন্দ্রে ডগলাস।
যেকোনো জরুরি পরিস্থিতির মোকাবিলা ও মূল দলের সাথে প্রশিক্ষণের জন্য ব্যাকআপ ক্রু সদস্য হিসেবে রাখা হয়েছে নাসার আরেক নভোচারী বব হাইনসকে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে জনসন স্পেস সেন্টারে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নভোচারীদের নাম আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সেন্টার পরিচালক ভ্যানেসা উইচে বলেন, আর্টেমিস-৩ মিশন পুরো বিশ্বের নজর কাড়বে এবং মানবজাতির জন্য এক নতুন ও আনন্দের অধ্যায় সূচনা করবে।
অনুষ্ঠানের একপর্যায়ে আগের আর্টেমিস-২ মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান প্রতীকী ব্যাটন তুলে দেন আর্টেমিস-৩ এর কমান্ডার র্যান্ডি ব্রেসনিকের হাতে।
ব্যাটন গ্রহণ করে ব্রেসনিক বলেন, আর্টেমিস-২ বিশ্ববাসীকে অনুপ্রাণিত করেছে এবং তারা সেই প্রেরণার মশাল বহন করে চন্দ্রজয়ের এই যাত্রাকে আরও এগিয়ে নিতে চান।


