GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আইন ও অপরাধ / আইনশৃঙ্খলা / ৩ দিন পর দক্ষিণ আমড়াগাছিয়া খালে ভাসছিল শিশু রাফির লাশ: নারীসহ ৫ জন গ্রেফতার

৩ দিন পর দক্ষিণ আমড়াগাছিয়া খালে ভাসছিল শিশু রাফির লাশ: নারীসহ ৫ জন গ্রেফতার

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামের প্রথম শ্রেণির এক শিশুর মরদেহ নদী-খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দক্ষিণ আমড়াগাছিয়া খাল থেকে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন।

নিহত রাফি আকন খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকনের ছেলে এবং স্থানীয় আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় রাফি।

স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে শনিবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান খালের পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, উদ্ধারের সময় শিশুটির শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন দেখা গেছে, ফলে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ পাঁচজনকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Social Icons