তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে।
রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের ভালো উদ্যোগ ও কার্যক্রম জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি সরকারের ভুল-ত্রুটি, অনিয়ম ও ব্যর্থতার বিষয়ও সংবাদমাধ্যম স্বাধীনভাবে প্রকাশ করবে। গণমাধ্যম গণতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, তাই এর স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, মন্ত্রণালয়ের কাজ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়। প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় করাই মন্ত্রণালয়ের দায়িত্ব। কোনোভাবেই যেন গণমাধ্যমের স্বাধীনতায় অযাচিত হস্তক্ষেপ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
আন্দালিভ রহমান পার্থ আরও বলেন, দেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সরকার কাজ করছে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, যার মাধ্যমে অন্যায় বা বৈষম্যের সৃষ্টি হয়।
তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।








