ফিফা আসিয়ান কাপ বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট সামনে রেখে প্রধান কোচ টমাস ডুলির অধীনে ২৮ ফুটবলারকে প্রাথমিক ক্যাম্পে ডাকা হয়েছে।
তবে এই তালিকায় নেই জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম।
বাফুফে জানিয়েছে, এবার প্রাথমিক দলে বিদেশি লিগে খেলা কোনো ফুটবলারকে রাখা হয়নি। দেশের ঘরোয়া ফুটবলে থাকা খেলোয়াড়দের দিয়েই প্রথম স্কোয়াড তৈরি করা হয়েছে।
বিদেশে খেলা ফুটবলাররা নিজেদের ক্লাবের সূচি অনুযায়ী পরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন বলে জানিয়েছে ফেডারেশন।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হবে বৃহস্পতিবার। ডাক পাওয়া খেলোয়াড়দের সকাল ১১টার মধ্যে রাজধানীর একটি হোটেলে রিপোর্ট করতে বলা হয়েছে।
আগামী ২৭ আগস্ট থেকে ৭ অক্টোবর পর্যন্ত জাতীয় দলের প্রস্তুতির জন্য খেলোয়াড় ছাড়তে ক্লাবগুলোর কাছে অনুরোধ জানিয়েছে বাফুফে।
ঘোষিত ২৮ ফুটবলারের মধ্যে তিনজন এখনো জাতীয় দলের হয়ে খেলেননি। তারা হলেন ফরোয়ার্ড সৌরভ দেওয়ান, মিনহাজুল করিম এবং ডিফেন্ডার আবদুল্লাহ ওমর।
নতুন কোচ টমাস ডুলির অধীনে এই তিন খেলোয়াড় নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন।
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচকে গুরুত্ব দিয়ে ভারত টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার পর বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ফিফা।
বাফুফে সেই আমন্ত্রণ গ্রহণ করায় এই প্রতিযোগিতায় প্রথমবার অংশ নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে আসিয়ান কাপের মূল পর্ব।
‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
গোলকিপার:
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান, আনিসুর রহমান।
ডিফেন্ডার:
তপু বর্মণ, শাকিল আহাদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল, মনজুরুর রহমান।
মিডফিল্ডার:
জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন, কাজেম শাহ।
ফরোয়ার্ড:
রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, মিনহাজুল করিম, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান, রাব্বি হোসেন।







