মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম বলাই নমশূদ্র (৩৫)। তিনি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার লাতু থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে কুমারশাইল সীমান্ত দিয়ে একটি ভারতীয় চোরাকারবারি দল অস্ত্র ও মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে—এমন খবর পেয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) বিশেষ অভিযান চালায়।
অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পালটা গুলি চালায়। পরে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে।
বিজিবি সদস্যরা ধাওয়া করে আহত অবস্থায় বলাই নমশূদ্রকে আটক করেন। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড .২২ বোরের গুলি এবং ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, আটক ব্যক্তি সীমান্তকেন্দ্রিক একটি চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত। উদ্ধার হওয়া অস্ত্র ও ইয়াবা বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। পলাতক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান শুক্রবার বিকেলে বলেন, বিজিবি একটি পিস্তলসদৃশ অস্ত্র, দুই রাউন্ড শিসার গুলি ও ৫০০ পিস ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় বিজিবি মামলা করেছে। পরে শুক্রবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।









