খাদ্যশস্যের সরবরাহ ও মজুত ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে গাফিলতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
পর্যাপ্ত খাদ্য মজুত নিশ্চিত করতে সারা দেশের খাদ্যগুদাম ও সরবরাহ ব্যবস্থা পরিদর্শনের কথাও জানিয়েছেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
আফরোজা খানম রিতা বলেন, দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রাখা জরুরি।
একই সঙ্গে সাধারণ মানুষের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াও খাদ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি বলেন, খাদ্যশস্যের সরবরাহ বা মজুত ব্যবস্থাপনায় কোথাও অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব পালনে গাফিলতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে।
এ কারণে দেশের বিভিন্ন খাদ্যগুদাম ও খাদ্য সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করা হবে।
সারের সংকটের কারণে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, দেশে সারের কোনো সংকট নেই।
তবে সার সরবরাহ ও এর সঠিক ব্যবহারের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে।
কৃষকদের প্রয়োজনীয় সার ও অন্যান্য কৃষি উপকরণ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
আগামী ইরি-বোরো মৌসুমে সার সরবরাহ নিয়ে কৃষকদের সমস্যায় পড়তে হবে না বলে আশ্বস্ত করেন খাদ্যমন্ত্রী।
নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরে আফরোজা খানম রিতা বলেন, মানুষের সুস্থতার জন্য নিরাপদ খাদ্যের বিকল্প নেই।
নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
এর আগে খাদ্যমন্ত্রী তার প্রয়াত পিতা হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।
পরে ধানকোড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।
পরে খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম থেকে জাগীর মেঘশিমুল পর্যন্ত কার্পেটিং রাস্তার উদ্বোধন করেন।









