সাম্প্রতিক ইরান-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের এক হাজারের বেশি সামরিক সদস্য নিহত এবং আরও কয়েক হাজার আহত হয়েছে বলে দাবি করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর একজন জ্যেষ্ঠ মুখপাত্র।
একই সংঘাতের ফলে মার্কিন সামরিক বাহিনীরও শত শত সেনা নিহত এবং হাজার হাজার সদস্য আহত হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে জানা যায়, ডিইএফএ প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল আবোলফাজল শেখারচি মার্কিন সামরিক বাহিনীকে একটি ‘হলিউড ও প্রচারণার সেনাবাহিনী’ হিসেবে আখ্যা দেন।
তিনি অভিযোগ করেন, এই মার্কিন বাহিনীর মূল কাজই হলো মুসলিম দেশগুলোর প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ লুটপাট করা।
শেখারচি বলেন, এই লড়াইয়ে ইরানের সবচেয়ে বড় সাফল্য ছিল মার্কিন বাহিনী ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর ক্ষমতার ভুয়া ‘হলিউড মুখোশ’ বিশ্বমঞ্চে উন্মোচন করা।
এর ফলে বিশ্ববাসী অনুধাবন করেছে যে এই মিত্রজোট প্রকৃতপক্ষে কতটা দুর্বল ও মনোবলহীন।
তিনি আরও দাবি করেন, যে মার্কিন প্রশাসন নিজেদের সুরক্ষাই নিশ্চিত করতে পারছে না, তারা কীভাবে মিত্রদেশগুলোকে রক্ষা করবে—এমন প্রশ্ন তুলে বিশ্বের বহু দেশ ওয়াশিংটনের ওপর আস্থা হারাচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশই তাদের যুদ্ধে হওয়া প্রকৃত সামরিক হতাহতের সংখ্যা বিশ্ববাসীর কাছে গোপন করছে বলেও তিনি সরাসরি তোপ দাগেন।
এ ছাড়া কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর ওয়াশিংটনের কর্তৃত্ব প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে সম্পূর্ণরূপে বিতাড়িত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


