আন্তর্জাতিক অঙ্গনে হ্যাটট্রিক করতে যাচ্ছেন আজমেরী হক বাঁধন। এবার তার অভিনীত দ্য ডিফিকাল্ট ব্রাইড জায়গা করে নিয়েছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে।
এর আগে রেহানা মরিয়ম নূর সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন বাঁধন। সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়। এরপর তার অভিনীত মাস্টার রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার অর্জন করে। সিনেমাটির জন্য প্রশংসিত হন বাঁধনও।
এবার দ্য ডিফিকাল্ট ব্রাইড নিয়ে তৃতীয় বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন এই অভিনেত্রী। ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগ দিতে আজ যাত্রা করছেন তিনি।
এ নিয়ে বাঁধন বলেন, ‘এটি অনেক ভালো লাগার, অনেক আনন্দের। নিজের জন্য যেমন এটি প্রাপ্তি, সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্যও। পাশাপাশি বাংলাদেশের জন্যও অনেক বড় কিছু।’
আন্তর্জাতিক উৎসবে নিজের সিনেমার উপস্থিতি নিয়ে বাঁধন বলেন, বড় বড় চলচ্চিত্র উৎসবে নিজের কাজ যাওয়া এবং দর্শকের ভালোবাসা পাওয়া তার জন্য আনন্দের। তার মতে, সবার ভাগ্যে এমন সুযোগ আসে না এবং এ জন্য তিনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।
দ্য ডিফিকাল্ট ব্রাইড-এ ছোট একটি চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। শুরুতে চরিত্রটি ছোট হওয়ায় কাজটি করবেন কি না, তা নিয়ে দ্বিধায় ছিলেন তিনি। পরে রাজি হন। এখন একটি ভালো কাজের অংশ হতে পেরে সন্তুষ্ট এই অভিনেত্রী।
সিনেমাটির পরিচালক রুবাইয়াত হোসেনের প্রশংসাও করেছেন বাঁধন। তার মতে, একজন শিল্পীকে কীভাবে সম্মান দিতে হয়, তা পরিচালক জানেন।
সিনেমাটি দর্শকদের ভালো লাগবে বলেও আশাবাদী বাঁধন। তার দৃঢ় বিশ্বাস, দ্য ডিফিকাল্ট ব্রাইড দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে এবং ভালো সুনাম অর্জন করবে।
এদিকে চলতি বছর ‘গুলশানের চামেলি’ নামে নতুন একটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে বাঁধনের। আগামী বছর আরও দুটি অনুদানের সিনেমায় কাজ করার পরিকল্পনা রয়েছে তার।
ক্যারিয়ারের বর্তমান সময়কে বড় অর্জন হিসেবে দেখছেন বাঁধন। তার ভাষায়, যেরকম সিনেমায় কাজ করতে চান, এখন সেরকম সিনেমাই পাচ্ছেন।



