GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / অস্কারের জন্য বাংলাদেশের  যে ৫ সিনেমা

অস্কারের জন্য বাংলাদেশের  যে ৫ সিনেমা

৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধি হওয়ার জন্য পাঁচটি সিনেমা জমা পড়েছে। এই পাঁচটি সিনেমার মধ্য থেকে একটি চলচ্চিত্র চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে, যা অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

জমা পড়া পাঁচটি সিনেমা হলো নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

‘মানুষের বাগান’

নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ সিনেমাটি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাঁচটি গল্পকে কেন্দ্র করে নির্মিত। মানুষের সম্পর্ক, জীবনের নানা জটিলতা এবং পারস্পরিক সংযোগ ছবিটির গল্পে তুলে ধরা হয়েছে। সিনেমাটি দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও পুরস্কার পেয়েছে।

‘রইদ’

মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্র সাদু ও তার মানসিক সমস্যায় ভোগা স্ত্রী। তাদের জীবনসংগ্রাম ও সম্পর্ককে ঘিরে গল্প এগিয়েছে। সিনেমাটির কাহিনির সূত্র পরিচালক নিজের মায়ের কাছ থেকে শোনা একটি গল্প থেকে পেয়েছেন বলে জানা গেছে।

‘দম’

রেদওয়ান রনির ‘দম’ নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। এতে আফগানিস্তানে জিম্মি হওয়া এক বাংলাদেশির বেঁচে থাকার লড়াই তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী।

‘দেলুপি’

মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ খুলনার দেলুটি এলাকার মানুষের জীবন ও বাস্তবতা থেকে অনুপ্রাণিত। এতে বন্যা, নদীভাঙন, রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার লড়াই এবং মানুষের সম্পর্কের নানা দিক উঠে এসেছে।

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলসংস্কৃতি, র‍্যাগিং, ছাত্ররাজনীতি ও ক্ষমতার সম্পর্ককে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে। একটি কাল্পনিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলকে কেন্দ্র করে গল্পটি নির্মিত।

চূড়ান্ত সিদ্ধান্ত ২৭ সেপ্টেম্বর

অস্কার বাংলাদেশ কমিটির সাত সদস্যের একটি কমিটি জমা পড়া সিনেমাগুলো মূল্যায়ন করে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করবে। কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। সদস্যরা হলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

সম্মিলিত মূল্যায়ন ও আলোচনার পর একটি সিনেমাকে বাংলাদেশের পক্ষ থেকে অস্কারে পাঠানো হবে। আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচিত সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।

Social Icons