GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / অভিনয়জীবনের স্বীকৃতি, কানাডায় আজীবন সম্মাননা পেলেন শান্তা ইসলাম

অভিনয়জীবনের স্বীকৃতি, কানাডায় আজীবন সম্মাননা পেলেন শান্তা ইসলাম

কানাডায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেত্রী শান্তা ইসলাম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফোবানা টরন্টোর ডন ভ্যালি হোটেল অ্যান্ড স্যুটসের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়।

কানাডা থেকে মুঠোফোনে ডেইলি স্টারকে শান্তা ইসলাম বলেন, ‘দেশের বাইরে কানাডায় ফোবানা আমাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছে। এতে আমি অনেক সম্মানিত বোধ করছি।’

দীর্ঘ অভিনয়জীবনের স্মৃতিচারণ করে শান্তা ইসলাম জানান, একজীবনে তিনি বহু নাটকে অভিনয় করেছেন এবং দর্শকের ভালোবাসা পেয়েছেন। আরণ্যক নাট্যদলের হয়ে ‘ময়ূর সিংহাসন’ নাটকে অভিনয়ের জন্য বাচসাস পুরস্কার পেয়েছেন। সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার

তিনি বলেন, ‘কিন্তু দেশের বাইরে এত বড় সম্মান এবারই প্রথম পেলাম।’

এই সম্মাননায় গর্বিত শান্তা ইসলাম আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি দেশের পরিচালক, প্রযোজক, সহশিল্পী ও সাংবাদিকদের প্রতিও ভালোবাসা প্রকাশ করেন তিনি।

শান্তা ইসলাম বলেন, ‘আমরা শিল্পীরা কাজ করি মানুষের জন্য। মানুষের ভালোবাসার পাশাপাশি কোনো সংগঠন কিংবা রাষ্ট্র যখন স্বীকৃতি দেয়, তখন উৎসাহ পাই, তৃপ্তি পাই।’

অভিনয়জীবনের শুরুর দিকের স্মৃতিও মনে করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হন শান্তা ইসলাম। পরে বিটিভির নাটক, প্যাকেজ নাটক ও মঞ্চনাটকে নিয়মিত অভিনয় করেন। **‘রূপনগর’**সহ বেশ কিছু সাড়া জাগানো নাটকেও অভিনয় করেছেন। দীর্ঘদিন উপস্থাপনাও করেছেন তিনি।

বর্তমানে কানাডায় ছেলে, পুত্রবধূ ও নাতনির সঙ্গে সময় কাটাচ্ছেন শান্তা ইসলাম। তিনি বলেন, ছেলের সফলতা তাকে শান্তি ও তৃপ্তি দেয়। পুত্রবধূকে নিজের আরেক মা এবং নাতনিকে বেঁচে থাকার প্রেরণা হিসেবে উল্লেখ করেন তিনি।

কানাডায় বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গেও দেখা করছেন শান্তা ইসলাম। ছুটির দিনে পরিবারের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। তার আজীবন সম্মাননা পাওয়ায় ছেলে ও পুত্রবধূও খুশি।

উল্লেখ্য, একই অনুষ্ঠানে জাদুশিল্পী জুয়েল আইচও আজীবন সম্মাননা পেয়েছেন।

Social Icons