জাতীয় সংসদে নতুন দায়িত্ব পেয়েছেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খাইরুল কবির খোকন। তাকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
এর মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন খাইরুল কবির খোকন। পদাধিকারবলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী এই কমিটির সদস্য হিসেবে থাকবেন।
কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু, নওগাঁ-৬ আসনের শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, রাজশাহী-৫ আসনের অধ্যাপক নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এম হান্নান, সুনামগঞ্জ-৪ আসনের নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৪ আসনের আবদুল্লাহ আল আমীন, ভোলার এক আসনের আলী আজম মোহাম্মদ আবু বকর এবং কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আমির হামজা।
খাইরুল কবির খোকন নরসিংদী-১ (সদর) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে ২০০৫ সালে উপনির্বাচনে নরসিংদী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন খোকন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক নির্বাচিত জিএস।
২০২৬ সালে স্পিকার মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পেয়েছেন তিনি।
নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির নেতৃত্বে এলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।







