GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / ‘তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়’, মন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার

‘তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়’, মন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার

‘তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়’, মন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার

দেশে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হওয়ায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী পরিস্থিতি স্বীকার করে দুঃখপ্রকাশ করলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বক্তব্য ও ব্যাখ্যায় অসন্তোষ জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৬৮ বিধিতে উত্থাপিত জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনাকালে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন।

বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। অধিবেশনের এক পর্যায়ে স্পিকারের আসনে বসেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আলোচ্য নোটিশের ওপর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিরোধী দলের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন বক্তব্য দেন।

মন্ত্রণালয়ের বক্তব্যে অসন্তোষ

আলোচনা শেষে বিদ্যুৎমন্ত্রীর উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সাবমিসিভ ওয়েতে বিষয়টি একনলেজ করেন এবং দুঃখ প্রকাশ করেন, আনফরচুনেটলি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ বিষয়টিকে সেভাবে এড্রেস করেন না।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেন, আর মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে গেছে।’

প্রকৃত সত্য প্রকাশের আহ্বান

বিদ্যুৎ সংকটের বিষয়ে জাতির সামনে প্রকৃত সত্য প্রকাশ ও পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেন ডেপুটি স্পিকার।

তিনি দায়িত্বশীলদের প্রতি বিনয়ের সঙ্গে সংকটের বিষয়টি সঠিকভাবে মোকাবিলা ও ব্যাখ্যা করার অনুরোধ জানান।

দেশে তীব্র বিদ্যুৎ সংকট

এর আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তার উত্থাপিত নোটিশে দেশে তীব্র গ্যাস ও জ্বালানি সংকটের কথা তুলে ধরেন।

তিনি জানান, জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শহর ও গ্রামে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলছে।

নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে শত শত শিল্প-কারখানা বন্ধ হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ বেকার হচ্ছেন বলেও নোটিশে উল্লেখ করা হয়।

সংসদে আলোচনার দাবি

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে দেশের সার্বিক অর্থনীতি মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ছে বলে উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা।

জাতীয় এই সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ নির্ধারণে সংসদে অবিলম্বে আলোচনার দাবি জানান তিনি।

গত ২৭ আগস্ট দেওয়া ওই নোটিশে বিরোধীদলীয় নেতার সঙ্গে আরও পাঁচজন সংসদ সদস্য যৌথভাবে স্বাক্ষর করেন।

Social Icons