বলিউডের কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল স্বামী শিলাদিত্যকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, শিলাদিত্যকে স্বামী হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
শ্রেয়ার ভাষ্য অনুযায়ী, সংসারের নানা দায়িত্ব সামলানোর পাশাপাশি শিলাদিত্য নিজেই থালা-বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার ও কাপড় কাচার মতো কাজ করেন।
শ্রেয়া বলেন, ‘আমি ভাগ্য করে এই মানুষটাকে পেয়েছি। ও পুরো বাড়িটা সামলায়।’ তিনি জানান, নিজের মতো করে থাকতে পছন্দ করেন বলেই শিলাদিত্য নিজেই নিজের থালা-বাসন ধুয়ে নেন এবং রান্নাঘর পরিষ্কার করেন। শ্রেয়া এসব কাজ করে দিলে বরং তিনি রেগে যান।
দুজনেরই দিনের বেশিরভাগ সময় ব্যস্ততায় কাটে। ফলে একসঙ্গে সময় কাটানোর সুযোগ কম হলেও তাদের সম্পর্কে এর প্রভাব পড়েনি। বরং নিজেদের ব্যস্ততার সঙ্গে মানিয়ে নিয়েই দাম্পত্য জীবন এগিয়ে নিচ্ছেন তারা।
এ বিষয়ে শ্রেয়া বলেন, ‘আমরা দুজনেই সারাদিন কঠিন পরিশ্রম করি। তাই সংসারের কাজও একসঙ্গে করি।’ তিনি জানান, শিলাদিত্য কখনো তাকে বাড়িতে না থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন করেননি। এমনকি অনেক সময় তিনি মাসের পর মাস বাড়িতে না থাকলেও শিলাদিত্য বিষয়টি মেনে নেন।
গায়িকা আরও বলেন, প্রেমের সময় থেকেই শিলাদিত্য তার পেশাগত ব্যস্ততার বিষয়টি জানতেন। তার ভাষায়, ‘ওর কোনো অহমিকা নেই, আমারও নেই। এই দিক থেকে আমরা দুজনেই একই রকম।’
স্কুলজীবন থেকেই শ্রেয়া ও শিলাদিত্যের পরিচয়। পরবর্তী সময়ে শ্রেয়া বলিউডে কণ্ঠশিল্পী হিসেবে ক্যারিয়ার গড়ে তোলেন, আর শিলাদিত্য তথ্যপ্রযুক্তি খাতে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
২০১৫ সালে বিয়ে করেন শ্রেয়া ও শিলাদিত্য। ২০২১ সালে তাদের ঘরে আসে ছেলে দেবযান। বর্তমানে ছেলেকে ঘিরেই তাদের পারিবারিক জীবন এগিয়ে চলছে।
