ইতালির ভেনিসে হেনস্তার ঘটনায় মামলা না করে দেশে ফিরবেন না বলে জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ইতালির ভেনিসে এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বিস্তারিত জানান তিনি। বর্তমানে তিনি ভেনিসেই অবস্থান করছেন।
মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাঁধন বলেন, ‘আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়বো।’
তিনি আরও বলেন, ‘আমি আমার মাথা কখনো নত করিনি। আর সেটা করতে ভুলেও গেছি। আমাকে ভেঙে ফেলা এত সহজ না।’
ঘটনার পর ইতালির পুলিশ তাকে সহযোগিতা করেছে জানিয়ে বাঁধন বলেন, পুলিশ তাকে একটি নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে।
তিনি জানান, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং দূতাবাসের পক্ষ থেকে লোকজন তার সঙ্গে থানায় যাচ্ছেন।
বাঁধন বলেন, ‘ওনাদের সঙ্গে আমি থানায় যাচ্ছি কেস ফাইল করতে। যেহেতু আমাদের কাছে সমস্ত এভিডেন্স আছে। আমরা অলরেডি অনেক জনকে আইডেন্টিফাই করেছি।’
তিনি আরও জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
বাঁধন বলেন, ‘প্রত্যেকটা মানুষই গতকাল থেকে যেভাবে আমাকে সাপোর্টটা করেছেন, আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি মনে করি আমি একজন গর্বিত বাংলাদেশি।’
