GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / খেলা / ক্রিকেট / সেন্ট লুসিয়াকে উড়িয়ে সিপিএলে মিরাজের দারুণ আত্মপ্রকাশ

সেন্ট লুসিয়াকে উড়িয়ে সিপিএলে মিরাজের দারুণ আত্মপ্রকাশ

ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক ম্যাচেই নিজের ঘূর্ণি বোলিংয়ে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

তার সাথে প্রোটিয়া স্পিন কিংবদন্তি ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক ইমরান তাহিরের ধ্বংসাত্মক বোলিংয়ে মাত্র ১১৯ রানেই অলআউট হয়ে যায় সেন্ট লুসিয়া কিংস।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা ব্যাটিং বিপর্যয়ে পড়লেও ৪ উইকেট ও ৯ বল হাতে রেখে নিশ্চিত জয় তুলে নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকদের স্পিন আক্রমণের সামনে একেবারেই অসহায় আত্মসমর্পণ করে সেন্ট লুসিয়ার ব্যাটাররা।

সেন্ট লুসিয়ার হয়ে কামিল পুরানের ৩৫ বলে ৪৩ এবং ওবার পিয়েনারের ২৮ বলে ৩৫ রান ছাড়া আর কোনো ব্যাটার স্পিনের জবাব খুঁজে পাননি।

ফলে ১৮.৫ ওভারে স্রেফ ১১৯ রানেই গুটিয়ে যায় সেন্ট লুসিয়া কিংস; যেখানে অধিনায়ক ইমরান তাহির একাই নেন ৫টি এবং মিরাজ নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।

১৪ রানে প্রথম উইকেট হারানোর পর জন ক্যাম্পবেলকে সাজঘরে ফিরিয়ে ম্যাচের মোমেন্টাম গায়ানার পক্ষে এনে দেন অভিষেক হওয়া মেহেদি মিরাজ।

পরবর্তীতে ক্যামল স্যাভরি ও চারিথ আসালাঙ্কাকে আউট করে সেন্ট লুসিয়ার ব্যাটিং অর্ডারের কোমর ভেঙে দেন মিরাজ, যিনি ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট পান।

অন্যপ্রান্তে ৪৭ বছর বয়সেও বিষ ছড়ানো ইমরান তাহির ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় ফাইফার (৫ উইকেট) নেওয়ার অবিস্মরণীয় কীর্তি গড়েন।

জবাবে ব্যাট করতে নেমে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আসা মিরাজ ৪ বলে ১ রান করে দ্রুত আউট হলেও গ্লেন ফিলিপস ও কুইন্টিন স্যাম্পসনের ৩৭ রানের যৌথ ইনিংসে জয় পায় গায়ানা।

এই দাপুটে জয়ের পর ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

Social Icons