ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার ২০ কেজি ভারতীয় জিরাসহ একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের যৌথ দল। এ সময় ট্রাকে থাকা ৩ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। জব্দ করা জিরা ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) আওতাধীন শাহবাজপুর এলাকায় বিজিবি ও র্যাবের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি করা হয়।
ট্রাকে থাকা ব্যক্তিদের কাছে জিরার বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে পারেননি। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ হাজার ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রাকটি জব্দ এবং ৩ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত সুফি মিয়ার ছেলে এম ফয়সাল আবীর (৪০), রাজশাহীর এয়ারপোর্ট থানার বাঘহাটি গ্রামের মৃত সুকুর আলীর ছেলে আজিজুল হাকিম এবং একই গ্রামের মো. হারুনের ছেলে মো. হাবিবুর রহমান।
বিজিবি জানায়, জব্দ করা জিরা ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা। আটক ব্যক্তিদের জব্দ করা জিরা ও ট্রাকসহ সরাইল থানায় মামলা দায়ের করে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
