অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর বলেন, এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের বিষয়ে আদালত রুল খারিজ করে দিয়েছেন। এর ফলে এনবিআরের কর দাবিই বহাল থাকল।
রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়ে তিনি বলেন, এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়ার চিন্তাভাবনা করছে গ্রামীণ কল্যাণ। মক্কেলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
কবে নাগাদ ওই অর্থ পরিশোধ করতে হবে, তা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে বলে জানান আইনজীবী।
এনবিআরের ওই কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাইকোর্টে রিট আবেদন করেছিল গ্রামীণ কল্যাণ।
