GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / দেবীদ্বারে মাদক বিক্রির সময় ‘লেডি ডন’ লাইলি গ্রেফতার

দেবীদ্বারে মাদক বিক্রির সময় ‘লেডি ডন’ লাইলি গ্রেফতার

কুমিল্লার দেবীদ্বারে ‘হানি ট্র্যাপ’ খ্যাত ও ‘লেডি ডন’ হিসেবে পরিচিত লাইলি আক্তার (৩৫)-কে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাতের অভিযোগে আলোচনায় আসা লাইলিকে এবার মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার নিউমার্কেট এলাকার রহমানিয়া সুপার মার্কেটের পেছনে ‘আহসান মঞ্জিল’ নামে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। উপপরিদর্শক (এসআই) সাগর বড়ুয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে লাইলি আক্তারকে আটক করা হয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, অভিযানের সময় লাইলি আক্তারের কাছ থেকে ১৫ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

লাইলি আক্তার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামের আব্দুর রশিদ মিয়ার মেয়ে

পুলিশের ভাষ্য, লাইলি দীর্ঘদিন ধরে আহসান মঞ্জিলে ভাড়া থাকতেন। এলাকার একটি প্রভাবশালী চক্রের সহযোগিতায় নারী ও মাদক কারবারের আড়ালে কৌশলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে মিথ্যা মামলার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এই চক্রের অন্যতম কর্মকাণ্ড ছিল।

পুলিশ আরও জানায়, চলতি বছরের ৭ এপ্রিল একই বাসা থেকে পর্নগ্রাফি মামলায় লাইলি আক্তারকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে বের হয়ে আবারও একই বাসায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে পুলিশের দাবি।

সম্প্রতি উপজেলার জাফরগঞ্জ মাজেদার আহসান মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোকবল হোসেন মাস্টারের ওপর নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পুলিশ ওই বাসা থেকে শিক্ষককে উদ্ধার করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ৭ এপ্রিল মুকবল মাস্টার বাদী হয়ে লাইলি আক্তারকে এজাহারভুক্ত করে এবং অজ্ঞাত ৩ নারী ও ৫ পুরুষের বিরুদ্ধে পর্নগ্রাফি আইনে মামলা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, লাইলি আক্তার দীর্ঘদিন ধরে দেবীদ্বার ও আশপাশের এলাকায় একটি অপরাধ চক্র পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। চক্রটির কৌশল ছিল প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী ও প্রবাসী পরিবারের সদস্যদের টার্গেট করা। তরুণীদের ব্যবহার করে প্রেমের অভিনয় বা ‘হানি ট্র্যাপ’-এর মাধ্যমে ফাঁদে ফেলার অভিযোগও রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইলি আক্তারের কথিত অপরাধ চক্রের অন্য সদস্যদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক সিন্ডিকেট বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে এসআই সাগর বড়ুয়া বলেন, অভিযানকালে লাইলি আক্তারের দখল থেকে ১৫ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, লাইলি জামিনে এসে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আগের পর্নগ্রাফি মামলাটিও চলমান রয়েছে। নতুন মামলার সূত্র ধরে তার সহযোগীদের আটকের চেষ্টা চলছে।

Social Icons