ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ডিএনসিসি নির্বাচনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ডিএসসিসি নির্বাচনে মেয়র প্রার্থী হবেন।
তবে এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
মিয়া গোলাম পরওয়ার জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য জামায়াত সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে। ইউনিয়ন, উপজেলা, জেলা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনেক জায়গায় অভ্যন্তরীণভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনেও সাংগঠনিকভাবে জামায়াতের প্রার্থী মনোনীত করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সময়মতো প্রার্থী ঘোষণা করা হবে।



