GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল সিলেট মহানগর বিএনপি

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল সিলেট মহানগর বিএনপি

সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে সিলেট মহানগর বিএনপি

যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি গঠন না করে সংবর্ধনা আয়োজন এবং আয়োজকদের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে দলটি এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার এক দিনের সফরে সিলেটে আসেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে তিনি সিলেটে আসেন।

রাষ্ট্রপতি সিলেটের প্রবেশপথে পৌঁছালে মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরীর সাতটি পয়েন্টে তাঁকে স্বাগত জানান। পরে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতির সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।

তবে অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে সিলেট মহানগর বিএনপি। দলটির নেতারা জানিয়েছেন, মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন না

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ওই অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতাকর্মী অংশ নেবেন না।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি তৈরি করে সংবর্ধনা আয়োজন না করা এবং অনুষ্ঠানের আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সিটি করপোরেশন আয়োজিত অনুষ্ঠানটি বয়কট করেছে।

দলটির নেতাদের ভাষ্য, রাষ্ট্রপতির সিলেট সফরকে স্বাগত জানিয়ে মহানগর বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে উপস্থিত ছিলেন। তবে নাগরিক সংবর্ধনা আয়োজনের প্রক্রিয়া নিয়ে আপত্তি থাকায় মূল অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Social Icons