ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মানুষের আচরণগত পরিবর্তনে ভূমিকা রাখতে দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে দেশের শীর্ষস্থানীয় কনটেন্ট নির্মাতা ও সোশ্যাল মিডিয়া কমিউনিকেটরদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে কনটেন্ট নির্মাতাদের কাজকে শুধু পেশাগত দায়িত্ব হিসেবে না দেখে জীবন বাঁচানোর সামাজিক দায়বদ্ধতা ও প্যাশন নিয়ে সৃজনশীলভাবে কাজ করা প্রয়োজন। মানুষের কাছে কনটেন্ট ক্রিয়েটরদের বক্তব্যের গ্রহণযোগ্যতার বিষয়টিও তিনি তুলে ধরেন।
চিকিৎসা ব্যবস্থাপনা প্রস্তুত
স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তুতি তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পূর্ণ প্রস্তুত। তিন হাজার চিকিৎসককে রিফ্রেশার ট্রেনিং দেওয়া হচ্ছে। পাশাপাশি স্যালাইনের সরবরাহ এবং হাসপাতালের বেড প্রস্তুত রাখা হয়েছে।
তিনি বলেন, শুধু চিকিৎসার মাধ্যমে মৃত্যু ও সংক্রমণ ঠেকানো সম্ভব নয়। এর জন্য মানুষের আচরণগত পরিবর্তন প্রয়োজন। মানুষকে সচেতন করে ঘরবাড়ি পরিষ্কারসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উৎসাহিত করার ক্ষেত্রে কনটেন্ট নির্মাতারা কার্যকর ভূমিকা রাখতে পারেন।
তিন মাসের সমন্বিত কর্মপরিকল্পনা
বৈঠকে জানানো হয়, গতানুগতিক সরকারি প্রচারণার বাইরে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনগণের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কাজ করতে চায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী তিন মাসের একটি সমন্বিত রূপরেখা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে আগামী তিন মাসের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। অংশগ্রহণকারী কনটেন্ট ক্রিয়েটর ও এজেন্সিগুলোকে শিগগিরই তাদের প্রাথমিক ধারণা ও রূপরেখা জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
অক্টোবর থেকে ডিজিটাল ক্যাম্পেইন
ডেঙ্গু প্রতিরোধে এই উদ্যোগটি প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচির অংশ। গত শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় কয়েক হাজার স্বেচ্ছাসেবী তরুণকে সঙ্গে নিয়ে সারাদেশে একযোগে আগামী তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জাতীয় উদ্যোগের ধারাবাহিকতায় আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ডিজিটাল ক্যাম্পেইনের কনটেন্ট প্রচারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
