২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির মাইগ্রেশনের ফল আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা তাদের চূড়ান্ত কলেজের তথ্য জানতে পারবেন।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন ও মাইগ্রেশনের আবেদন প্রক্রিয়া শেষ হয়। এখন শিক্ষার্থীদের অপেক্ষা চূড়ান্ত ফলের জন্য।
মাইগ্রেশনের ফল দেখবেন যেভাবে
মাইগ্রেশনের ফল প্রকাশের পর শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের ফল দেখতে পারবেন। সেখানে কোন শিক্ষার্থী কোন কলেজে চূড়ান্তভাবে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, শনিবার রাতে প্রকাশিত ফলের মাধ্যমে শিক্ষার্থীদের চূড়ান্ত কলেজের তথ্য জানা যাবে।
প্রথম ধাপে মনোনয়ন পেয়েছেন ৯ লাখ ৮০ হাজার শিক্ষার্থী
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) একাদশ শ্রেণিতে কলেজ ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এতে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পান।
তবে জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২০৫ শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনয়ন পাননি।
একাদশে ভর্তি ফি কত
শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী, এবার একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রতিষ্ঠান ও এলাকার ধরন অনুযায়ী ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগর এলাকায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে সর্বোচ্চ ভর্তি ফি ৫ হাজার টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মহানগর বা বিভাগীয় শহরে সর্বোচ্চ ৩ হাজার টাকা।
জেলা পর্যায়ের এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সর্বোচ্চ ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকার কলেজে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগর এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নেওয়া যাবে।
জেলা সদর এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ ৩ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা। উপজেলা ও মফস্বল এলাকার কলেজে বাংলা ভার্সনে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।









