কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের (১৩) হত্যাকাণ্ডে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে অপ্রতিমের বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন তিনি। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, অপ্রতিমের মৃত্যুর খবর শুনে তারা খুবই মর্মাহত হয়েছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া করেন এবং তাদের ধৈর্য ধারণের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
তিনি আরও বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন।
অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনায় এর আগে কুমিল্লায় শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে।





