GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / বিনোদন / জামালপুরের প্রকৃতি ও ঐতিহ্য নিয়ে ‘ইত্যাদি’

জামালপুরের প্রকৃতি ও ঐতিহ্য নিয়ে ‘ইত্যাদি’

দেশের সীমান্তবর্তী জেলা ও নকশিকাঁথার জনপদ জামালপুরে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে সবুজ বনানী ও লেকঘেরা লাউচাপড়া বিনোদন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে নির্মাণ করা হয় এবারের মূল মঞ্চ।

মেঘালয় সীমান্তঘেঁষা এলাকার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে এবার রাতের পরিবর্তে দিনের আলোতেই অনুষ্ঠানটির ধারণকাজ শুরু হয়। নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থল দর্শকে পূর্ণ হয়ে যায়। বকশীগঞ্জ ছাড়াও জামালপুরের বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ অনুষ্ঠান দেখতে সেখানে উপস্থিত হন।

থাকছে বৈচিত্র্যময় সংগীত আয়োজন

এবারের পর্বে সংগীতানুষ্ঠানে রাখা হয়েছে দুটি ভিন্ন ধরনের গান। একটি গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম। লিটন অধিকারী রিন্টুর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

এ ছাড়া জামালপুরকে পরিচিত করিয়ে দিতে থাকছে জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। দ্বৈত কণ্ঠের এই গানে কণ্ঠ দিয়েছেন জামালপুরেরই সন্তান মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

এস কে জাহিদের নৃত্য পরিচালনায় স্থানীয় বাঙালি ও গারো নৃত্যশিল্পীদের পরিবেশনা মঞ্চে ভিন্নমাত্রা যোগ করে।

জামালপুরের ইতিহাস ও ঐতিহ্য

‘ইত্যাদি’র নিয়মিত দর্শকপর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে চারজন দর্শককে নির্বাচিত করা হয়। এবারের পর্বে জামালপুরের অর্থনীতি, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন রাখা হয়েছে।

এর মধ্যে রয়েছে জেলার অর্থনীতি ও সংস্কৃতির প্রতীক নকশিকাঁথা, ঐতিহ্যবাহী খাবার মিল্লি বা পিঠালি, ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ এবং দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ তুলসীপুর ঘোড়া হাট নিয়ে বিশেষ চিত্রায়ণ।

এ ছাড়া নদীভাঙনে বাস্তুচ্যুত পরিবার ও বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব নিয়েও থাকছে মানবিক প্রতিবেদন।

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে স্বাবলম্বী হওয়া ফেরদৌস হাসান বাপ্পী ও ওসনাই খাতুন দম্পতির জীবনসংগ্রামের গল্পও তুলে ধরা হবে। বিদেশি পর্বে থাকছে চীনের নয়নাভিরাম সুঝৌ সিটি নিয়ে বিশেষ প্রতিবেদন।

সামাজিক অসংগতি নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশ

‘ইত্যাদি’র ঐতিহ্য অনুযায়ী এবারের পর্বেও রয়েছে সমাজ সচেতনতামূলক তির্যক নাট্যাংশ। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্থা ও এর পরিণতি, ফাঁপা পূর্তির ফুর্তি, সম্মান দিলে সম্মান মিলে, অনলাইন সোলজার, তৈলবিদ্যা প্রশিক্ষণ কেন্দ্র, লাইভ টকের ঝুঁকি ও পরজীবী মানুষসহ বিভিন্ন সমসাময়িক বিষয় তুলে ধরা হয়েছে।

এসব নাট্যাংশে অভিনয় করেছেন সোলায়মান খোকা, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাশিষ ভৌমিক, আবদুল্লাহ রানা, মুকিত জাকারিয়া, সাইদুর রহমান পাভেল, আবু হেনা রনিসহ দেশের একদল পরিচিত শিল্পী। শিল্পনির্দেশনা ও মঞ্চ পরিকল্পনা করেছেন মুকিমুল আনোয়ার মুকিম।

২৫ সেপ্টেম্বর প্রচার

ফাগুন অডিও ভিশনের ব্যানারে হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত ‘ইত্যাদি’র জামালপুর পর্বটি আগামী ২৫ সেপ্টেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।

Social Icons