GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / বিনোদন / ২৮ বছর পর ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’,

২৮ বছর পর ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’,

২৮ বছর পর ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

একটি সিনেমা, কয়েকটি কালজয়ী গান আর এক মুঠো প্রেম। নব্বইয়ের প্রজন্মের কাছে ‘হঠাৎ বৃষ্টি’ শুধু একটি সিনেমার নাম নয়, বরং আবেগ ও স্মৃতির অংশ। ১৯৯৮ সালে মুক্তির পর দর্শকের মনে জায়গা করে নেওয়া সেই গল্প এবার নতুন রূপে ফিরছে।

নতুন সিনেমাটির নাম ‘আবার হঠাৎ বৃষ্টি’। মূল গল্পের আবহ অক্ষুণ্ন রেখে আধুনিক সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান। আগামী ২ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

নতুন জুটিতে পুরোনো গল্পের আবহ

বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় ১৯৯৮ সালের ‘হঠাৎ বৃষ্টি’তে ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর জুটি দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পায়।

নতুন সিনেমায় সেই দুই চরিত্রের জায়গায় দেখা যাবে আরিয়ান ও রাদিফাকে। সিনেমাটিতে ফেরদৌসের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান। আর প্রিয়াঙ্কার চরিত্রে দেখা যাবে রাদিফাকে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ অনেকে।

ফিরছে জনপ্রিয় গানও

‘হঠাৎ বৃষ্টি’র জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল এর গান। নচিকেতা চক্রবর্তীর সুরে তৈরি সেই গানগুলোর আবেগ নতুন সিনেমাতেও ধরে রাখার চেষ্টা করা হয়েছে।

মূল সিনেমার ছয়টি গানের মধ্যে তিনটি গান রিমেক করা হয়েছে। গানগুলো হলো ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’ ও ‘সোনালি প্রান্তরে’

এর পাশাপাশি বর্তমান প্রজন্মের শ্রোতাদের কথা মাথায় রেখে সিনেমাটিতে যুক্ত করা হয়েছে দুটি নতুন গান

নতুন প্রজন্মের কাছে কতটা সাড়া ফেলবে?

আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত ‘আবার হঠাৎ বৃষ্টি’ নিয়ে আশাবাদী নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

এখন অপেক্ষা, ২৮ বছর আগের সেই আবেগ নতুন গল্প, নতুন জুটি ও নতুন গানের মাধ্যমে বর্তমান প্রজন্মের দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, তা দেখার।

Social Icons