GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / দিনাজপুরের পার্বতীপুরে এক পরিবারের ৩ জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত

দিনাজপুরের পার্বতীপুরে এক পরিবারের ৩ জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত

দিনাজপুরের পার্বতীপুরে একই পরিবারের তিন সদস্যের শরীরে গবাদিপশুবাহিত সংক্রামক ব্যাধি ‘অ্যানথ্রাক্স’ (Anthrax) এর সংক্রমণ শনাক্ত হয়েছে।

উপজেলার খোলাহাটি ক্যান্টনমেন্টস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ/বিইউএসএমএস) হাত ও আঙুলে ক্ষতজনিত সমস্যা নিয়ে ভর্তি হওয়ার পর নমুনা পরীক্ষায় তাদের অ্যানথ্রাক্স পজিটিভ রিপোর্ট নিশ্চিত হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত রোগীরা হলেন—রংপুরের পীরগাছা উপজেলার আদমপাড়া গ্রামের বাসিন্দা মো. সুমন মিয়া (২৯), তার বাবা মো. আব্দুল মান্নান এবং মা মোছাঃ স্বপ্না বেগম।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর হাত ও আঙুলে ক্ষত ও ফোসকা নিয়ে তারা হাসপাতালে ভর্তি হলে প্রাথমিক পর্যবেক্ষণে চিকিৎসক চর্মরোগ সংক্রান্ত ‘কিউটেনিয়াস অ্যানথ্রাক্স’ (Cutaneous Anthrax) এর সন্দেহ প্রকাশ করেন। পরবর্তীতে বিষয়টি আইইডিসিআরকে (IEDCR) জানানো হলে গত ৫ সেপ্টেম্বর একটি বিশেষজ্ঞ দল সরাসরি হাসপাতালে গিয়ে নমুনা ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।

পরীক্ষায় তিনজনের নমুনায় অ্যানথ্রাক্স পজিটিভ ধরা পড়ার পর সিএমএইচ হাসপাতালে টানা ১৬ দিন নিবিড় চিকিৎসার মাধ্যমে তাদের শারীরিক অবস্থার উন্নতি ঘটে এবং বর্তমানে তারা সুস্থ ও স্থিতিশীল আছেন বলে জানা গেছে।

দিনাজপুর সিভিল সার্জন জানান, আইইডিসিআরের একটি অনুসন্ধানী দল এ বিষয়ে কাজ করছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ ও চিকিৎসকরা সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন।

Social Icons