GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আজকের খবর / সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। কয়েকটি ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তা চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

বিএফআইইউর পাঠানো চিঠিতে সালমান মুক্তাদিরের নামে পরিচালিত সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহক পরিচিতি-সংক্রান্ত নথি (কেওয়াইসি) এবং সাম্প্রতিক লেনদেনের বিস্তারিত বিবরণ দ্রুততম সময়ের মধ্যে বিএফআইইউতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্টুডিওতে হামলা ও মামলা

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলবের এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এলো, যখন রাজধানীর ইসিবি চত্বরে তাঁর কার্যালয়ে হামলার ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। গত শনিবার রাতে ইসিবি চত্বরের ‘নিউগিনি প্রপার্টিজে’ অবস্থিত সালমানের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ একদল দুর্বৃত্ত হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে তাঁর স্টুডিওটির বিপুল আর্থিক ক্ষতি হয়। এছাড়া নিউগিনি প্রপার্টিজের কার্যালয়সহ আশপাশের কয়েকটি স্থাপনাতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায় নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় অনধিকার প্রবেশ, ভাঙচুর, চুরির অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে এ পর্যন্ত হামলার পরিকল্পনাকারীসহ কয়েকজনকে গ্রেফতার করেছে।

হামলার নেপথ্য কারণ ও বিতর্ক

ঘটনার পর সালমান মুক্তাদির চাঁদাবাজির অভিযোগ করলেও সরকারের পক্ষ থেকে ভিন্ন তথ্য প্রকাশ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, প্রাথমিক তদন্ত অনুযায়ী প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে নিউগিনি প্রপার্টিজ এবং একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার মধ্যবর্তী দীর্ঘদিনের বিরোধের জেরেই এই হামলা চালানো হয়েছে। ওই বিরোধপূর্ণ জমিতে অবস্থিত হওয়ার কারণেই সালমানের স্টুডিওটি আক্রমণের শিকার হয়। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধারের কথাও নিশ্চিত করে পুলিশ।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে সালমান মুক্তাদির বলেন, ঘটনার রাতেই তিনি থানায় মামলা করতে গেলেও পুলিশ শুরুতে মামলা নিতে রাজি হয়নি, পরবর্তীতে মামলা নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গতকাল ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এক বক্তব্যে সালমান মুক্তাদিরের প্রসঙ্গ টেনে বলেন, যেসব কনটেন্ট ক্রিয়েটরের লাখ লাখ মানুষের কাছে পৌঁছানোর সক্ষমতা রয়েছে, তাঁদের ভবিষ্যতে সমাজে আরও দায়িত্বশীল আচরণ করা উচিত।

Social Icons