GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে অরাজকতার চেষ্টা করছে বিরোধীদল:প্রধানমন্ত্রী

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে অরাজকতার চেষ্টা করছে বিরোধীদল:প্রধানমন্ত্রী

কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদল দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এ ধরনের যেকোনো অপতৎপরতা মোকাবিলায় বিএনপি সর্বশক্তি দিয়ে কাজ করবে এবং সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা হবে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন শেষে এসব কথা বলেন সরকারপ্রধান।

বিরোধীদলকে অপরের সমালোচনা না করে নিজেদের ভুল-ত্রুটি ও অপকর্ম বন্ধে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “যারা একাত্তরে মানুষকে নির্যাতন করেছে, তারাই আবার নতুন করে নারী নির্যাতন ও হত্যার মতো অপকর্মে জড়াচ্ছে। সরকারের উন্নয়নমূলক কর্মসূচি বাধাগ্রস্ত করতেই এই কৃত্রিম অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে।”

তিনি আরও উল্লেখ করেন, বিএনপির গৃহীত নদী ড্রেজিং, খাল খনন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড ব্যবস্থা সরাসরি জনগণের কল্যাণে নিবেদিত। ফেনীর এই সেচ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার প্রায় সাড়ে ৪ লাখ মানুষ উপকৃত হবে, ৩৪ হাজার হেক্টর জমি আবাদের আওতায় আসবে এবং অতিরিক্ত ১ লাখ মেট্রিক টন ফসল উৎপাদন সম্ভব হবে।

এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে ফেনী পৌঁছান প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী পরশুরামে প্রকল্প উদ্বোধনের পাশাপাশি তিনি ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন এবং বিকেলে স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় উপাসনালয়ের প্রতিনিধিদের সম্মানভাতা প্রদান অনুষ্ঠানে অংশ নেন।

Social Icons