সাইবার স্পেসের নিত্যনতুন অপরাধ ও ঝুঁকি মোকাবিলায় চার হাজার ৫৯২ জন সদস্যের সমন্বয়ে একটি বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এই ইউনিটে প্রচলিত পুলিশ বাহিনীর পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ অভিজ্ঞ ও দক্ষ বিশেষজ্ঞদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ সদর দফতরে আয়োজিত এক সুধী সমাবেশে নতুন এই বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।
গঠনতন্ত্র ও জনবল কাঠামো ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে এই ইউনিট পরিচালিত হবে। বিভাগীয় ও সদর দফতর পর্যায়ে একাধিক ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা দায়িত্বে থাকবেন। এমনকি প্রতিটি থানাতেও এই ইউনিটের জন্য নির্দিষ্ট সাব-ইন্সপেক্টর, এএসআই ও কনস্টেবল পদায়িত করা হবে।
আধুনিক প্রযুক্তি ও মেধানির্ভর এই সংগঠনে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট, ডার্ক ওয়েব অ্যানালিস্ট, কনটেন্ট ডেভেলপার এবং সোশ্যাল মিডিয়া অ্যানালিস্টসহ বিভিন্ন পদে বিশেষজ্ঞদের চুক্তিভিত্তিক পদায়নের বিশেষ ব্যবস্থা রয়েছে। দক্ষ এই বিশেষজ্ঞদের বেতন-ভাতাও সাধারণ পুলিশি কাঠামোর চেয়ে আলাদা এবং আকর্ষণীয় হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও নিশ্চিত করেন যে, সাইবার সিকিউরিটি আইনকে আরও যুগোপযোগী ও সংবেদনশীল করার স্বার্থে বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে সংশোধনের কাজ চলছে, যাতে নিরপরাধ কোনো নাগরিক আইনি হয়রানির শিকার না হন।
