GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের নির্দেশ: প্রধানমন্ত্রী

ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের নির্দেশ: প্রধানমন্ত্রী

ঢাকা মহানগরীর দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজের গতি দ্রুত বাড়ানোর কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ প্রদান করেন।

সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান নকশা ও পরিকল্পনা পুনরায় পর্যালোচনা করে সার্বিক নির্মাণকাজ ত্বরান্বিত করার তাগিদ দেন।

প্রকল্পের বাস্তবায়ন বিলম্বের নানাবিধ প্রতিবন্ধকতা দ্রুত চিহ্নিত করে তা অপসারণের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে নিবিড় সমন্বয় নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য একটি সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।

উচ্চপর্যায়ের এই পর্যালোচনা সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Social Icons