ভারতের পশ্চিমবঙ্গে রেজিনগর আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর রেজিনগরে দলীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় তাকে পুলিশ আটক করে। পরে তাকে রেজিনগর থানায় নিয়ে যাওয়া হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
ভোটগ্রহণ শুরুর পর হুমায়ুন কবির ভোটে কারচুপির অভিযোগ তোলেন। এরপর একটি ভোটকেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে দলীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় পুলিশের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ তাকে আটক করে।
স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুলিশের গাড়িতে তোলার সময় কবিরকে বলতে শোনা যায়, তাকে গ্রেফতার করা হচ্ছে নাকি আটক করা হচ্ছে, তা তিনি জানেন না।
এদিকে বিজেপি প্রার্থী শঙ্করাভ সরকার অভিযোগ করেছেন, ভোটের কয়েক দিন আগে হুমায়ুন কবির ভোটের দিন ১০ জন নিহত হওয়ার আশঙ্কা বা বক্তব্য দিয়েছিলেন। তার দাবি, কবির এলাকায় উত্তেজনা ও দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছেন।
পুলিশ সদস্যদের গালিগালাজ করার অভিযোগেই হুমায়ুন কবিরকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী।
তবে কবিরের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে তার পক্ষ থেকে কোনো বক্তব্যের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
তথ্যসূত্র: টাইমস নাউ









