GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / অর্থনীতি ও বাণিজ্য / অর্থনীতি / চীন-ভারতসহ এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

চীন-ভারতসহ এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

যুক্তরাষ্ট্র ও ইউরোপের পাশাপাশি এশিয়ার গুরুত্বপূর্ণ বাজারগুলোতেও বাংলাদেশের রপ্তানি বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে চীন, ভারত ও দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি বড় বাজারে রপ্তানি প্রবৃদ্ধি দেশের পণ্য ও বাজার বহুমুখীকরণের সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে চীনে বাংলাদেশের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ২২ কোটি ৫৪ লাখ ১০ হাজার ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ২০ কোটি ৬১ লাখ ৮০ হাজার ডলার।

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রপ্তানি ৭ দশমিক ২৯ শতাংশ বেড়ে ১৩ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলারে পৌঁছেছে। ভারতে রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৪৪ শতাংশ, যার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫১ কোটি ডলার।

জাপানের বাজারেও সামান্য প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশটিতে বাংলাদেশের রপ্তানি হয়েছে ৩৯ কোটি ৯১ লাখ ১০ হাজার ডলারের পণ্য। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৩৯ কোটি ৬১ লাখ ১০ হাজার ডলার।

এশিয়ার এসব বাজারে প্রবৃদ্ধির পাশাপাশি দেশের সামগ্রিক পণ্য রপ্তানিও বেড়েছে। ইপিবির হিসাবে, জুলাই-সেপ্টেম্বরে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি আয় ৬ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩০৯ কোটি ডলারে উন্নীত হয়েছে। গত বছরের একই সময়ে এ আয় ছিল ১ হাজার ২৩১ কোটি ডলার।

ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, এশিয়ার বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে পণ্যভিত্তিক রপ্তানি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর ক্রেতাদের চাহিদা এবং নতুন পণ্যের সম্ভাবনাকে গুরুত্ব দিতে হবে।

তার মতে, চীনের বিশাল ভোক্তা বাজারে বাংলাদেশি পণ্যের নতুন বাজার তৈরির সুযোগ রয়েছে। ভারতের সঙ্গে ভৌগোলিক নৈকট্য থাকায় আন্তঃসীমান্ত বাণিজ্য আরও বাড়ানোর সম্ভাবনাও রয়েছে। তবে ভারতের বাজারে শুল্ক ও অশুল্ক বাধা এখনো বড় চ্যালেঞ্জ।

দক্ষিণ কোরিয়া ও জাপানের বাজারেও তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, জুতা, পাটজাত পণ্য, গৃহসজ্জার বস্ত্র, ওষুধ, প্রক্রিয়াজাত খাদ্য ও হালকা প্রকৌশল পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে।

ইপিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাণিজ্য মেলা, ব্যবসায়ী প্রতিনিধি দল, বাজার অনুসন্ধান ও বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমের মাধ্যমে রপ্তানিকারকদের নতুন বাজারে প্রবেশে সহায়তা করা হচ্ছে। পণ্যের মান নিশ্চিত করা, সংশ্লিষ্ট দেশের বিধিবিধান মেনে চলা এবং সময়মতো পণ্য সরবরাহের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Social Icons