GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / ঢামেক মর্গে প্রেমিক-প্রেমিকার লাশ, ঋণের চাপের কথা চিরকুটে

ঢামেক মর্গে প্রেমিক-প্রেমিকার লাশ, ঋণের চাপের কথা চিরকুটে

ঢাকার কেরানীগঞ্জে প্রেমিক আকাশ মিত্রের মৃত্যুর খবর পাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন তার প্রেমিকা তন্ময়ী মণ্ডল। দুজনের মরদেহই পরে ঢামেক মর্গে নেওয়া হয়।

নিহত আকাশ মিত্রের বয়স ৩৬ বছর। তিনি একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তন্ময়ী মণ্ডল ছিলেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে কর্মরত নার্স।

প্রাথমিকভাবে জানা গেছে, ঋণ ও আর্থিক সংকটের কারণে আকাশ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মৃত্যুর আগে লেখা একটি চিরকুটে তিনি উল্লেখ করেন, ‘পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না, কিন্তু টাকা নেই।’

পরিবারের ভাষ্য অনুযায়ী, আকাশের সঙ্গে তন্ময়ীর প্রেমের সম্পর্ক ছিল। আকাশ বিবাহিত ছিলেন এবং তন্ময়ীকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন বলে তার বোনের দাবি। এ সম্পর্কের কারণে আকাশের সংসারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল।

তন্ময়ীর বোনের অভিযোগ, আকাশ বিভিন্ন কারণে তন্ময়ীর কাছ থেকে প্রায় দুই লাখ টাকা নিয়েছিলেন। ওই টাকা তন্ময়ী অন্যের কাছ থেকে ধার করে দিয়েছিলেন।

রোববার কেরানীগঞ্জের একটি বাসা থেকে আকাশের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তা ঢামেক মর্গে পাঠানো হয়। বিষয়টি জানতে পেরে তন্ময়ী হাসপাতালে যান।

পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, সেখানে আকাশের মরদেহ দেখার পর তন্ময়ী মানসিকভাবে ভেঙে পড়েন। পরে হাসপাতালের একটি বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, সোমবার সকালে ঢামেক হাসপাতালের নিচতলার একটি বাথরুম থেকে তন্ময়ীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তার বোন এসে মরদেহ শনাক্ত করেন।

দুই ঘটনায় পৃথক থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ ঘটনাগুলো তদন্ত করছে।

Social Icons