GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / দেনমোহর পরিশোধে নতুন ব্যাখ্যা দিলেন হাইকোর্ট

দেনমোহর পরিশোধে নতুন ব্যাখ্যা দিলেন হাইকোর্ট

স্বামীর আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে আদালতের দ্বারস্থ হতে বাধ্য করা হলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন পারিবারিক আদালত। এ বিষয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট।

‘ইয়াকুব আলী বনাম সানজিদা নাসরিন’ দেওয়ানি রিভিশন মামলায় গত ৩ সেপ্টেম্বর হাইকোর্ট এ রায় দেন। ৩২ পৃষ্ঠার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি মঙ্গলবার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

রায়ে হাইকোর্ট বলেন, স্বামী দেনমোহর পরিশোধে সক্ষম হওয়ার পরও তা না দিলে এবং স্ত্রীকে পাওনা আদায়ের জন্য আদালতে যেতে বাধ্য করা হলে পারিবারিক আদালত তার বিবেচনাধিকার প্রয়োগ করতে পারবেন। এ ক্ষেত্রে স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া যেতে পারে।

দেনমোহর ও খোরপোশ সংক্রান্ত একটি পারিবারিক আদালতের রায়ের বিরুদ্ধে স্বামী দেওয়ানি রিভিশন আবেদন করেছিলেন। সেই আবেদন খারিজ করে বিচারপতি মো. আব্দুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এই সিদ্ধান্ত দেন।

রায়ে মুসলিম পারিবারিক আইনে দেনমোহর সংক্রান্ত বিষয়েও গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়েছে।

হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, স্ত্রীর সম্মতি ছাড়া নিকাহনামায় ‘বিলম্বিত দেনমোহর’ হিসেবে দেনমোহর নির্ধারণের সুযোগ নেই। স্ত্রী দেনমোহর দাবি করলে তা তৎক্ষণাৎ প্রদেয় দেনমোহর হিসেবে বিবেচিত হবে।

অর্থাৎ, স্ত্রী দাবি করার পর দেনমোহর পরিশোধযোগ্য হয়ে যাবে এবং তা পরিশোধে অযথা বিলম্ব করার সুযোগ থাকবে না।

মামলায় আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন মো. নাজের উদ্দিন। বিবাদীপক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান ও তানজিলা রহমান জুঁই। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী ইফফাত হাসান শাম্মী।

হাইকোর্টের এই রায় দেনমোহর আদায়, পারিবারিক আদালতের এখতিয়ার এবং স্বামীর দায়িত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে।

Social Icons