GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ফলে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে তাকে।

বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নজরুলের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মাহাবুবুর রহমান।

শুনানিতে আসামিপক্ষ দাবি করে, মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহর সঙ্গে সমঝোতা হয়েছে এবং বাদীপক্ষের জামিনে কোনো আপত্তি নেই। তবে উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত নজরুলের জামিন আবেদন নাকচ করে দেন।

এর আগে ৩০ সেপ্টেম্বর একই মামলায় নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন আবেদন করা হয়। ওইদিন আদালত মাকছুদাকে জামিন দিলেও নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তার বাবা শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। মামলার তদন্তভার বর্তমানে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রয়েছে।

নজরুলকে দুই দফায় মোট আট দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মামলার অপর আসামি ওবায়দুর রহমানকেও গ্রেফতার করা হয়েছে।

Social Icons