জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, বাস্তবে এমন কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।
বুধবার (৭ অক্টোবর) রাতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি পরিষ্কার করা হয়। পোস্টে বলা হয়েছে, তার বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেনি।
ওই পোস্টে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সেখানে বলা হয়, বাস্তবে ঘটেনি এমন একটি স্পর্শকাতর ঘটনার ভিডিও কেন তৈরি বা প্রচার করা হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।
পোস্টে আরও দাবি করা হয়, এর আগেও নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়েছে। এসব প্রচেষ্টার মাধ্যমে তার ওপর হামলার পরিবেশ তৈরি এবং হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পাঁচবার হামলার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার দৃশ্যমান বিচারিক উদ্যোগ নেওয়া হয়নি বলে পোস্টে অভিযোগ করা হয়।
পোস্টে আরও প্রশ্ন তোলা হয়েছে, সর্বশেষ ছড়িয়ে পড়া আগুনের ভিডিওটিও আগের ঘটনাগুলোর ধারাবাহিকতার অংশ কি না। পাশাপাশি এটি রাজনৈতিক প্রতিহিংসা বা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের কোনো পরিকল্পিত প্রচেষ্টা কি না, সেটিও তদন্তের দাবি রাখে বলে উল্লেখ করা হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থানের বিষয়টিও পোস্টে তুলে ধরা হয়। তার এই অবস্থানকে দুর্বল করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে কি না, সে প্রশ্নও রাখা হয়েছে।
এ ছাড়া তার বিরুদ্ধে ছড়ানো বিভিন্ন দাবি, অতীতে সংঘটিত হামলা এবং সর্বশেষ বাস্তবে না ঘটা অগ্নিকাণ্ডের ভিডিও প্রচারের ঘটনা তদন্তের আহ্বান জানানো হয়েছে।
নাসীরুদ্দীনের ফেসবুক পেজের পোস্টে বলা হয়েছে, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।







