মৃত্যুর মাত্র চার দিন আগে জীবনের অনিশ্চয়তা নিয়ে কথা বলেছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। গোয়ার একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘আগামীকাল আমি থাকব কি না জানি না।’ বৃহস্পতিবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর পর সেই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।
৪ অক্টোবর গোয়ার ডোনা পাওলার তাজ সিদাদে দে গোয়া হোটেলে সাম্রাট ক্লাব ইন্টারন্যাশনালের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন নানা পাটেকর। এটিই ছিল তার শেষ প্রকাশ্য উপস্থিতি।
অনুষ্ঠানে ২০২৬-২৭ মেয়াদের জন্য রাজশ্রী এ. খান্ডেপারকরকে স্টেট প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। একই অনুষ্ঠানে নতুন পরিচালনা পর্ষদের সদস্যদেরও দায়িত্ব দেওয়া হয়।
সাদা কুর্তা ও সাদা গামছা পরে অনুষ্ঠানে বক্তব্য দেন নানা পাটেকর। এ সময় তিনি গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের স্মৃতিচারণ করেন। তার রাজনৈতিক কর্মকাণ্ড ও কাজের ধরন নিয়েও প্রশংসা করেন অভিনেতা।
‘আগামীকাল আমি থাকব কি না জানি না’
অনুষ্ঠানে জীবনের অনিশ্চয়তা নিয়ে কথা বলতে গিয়ে নানা পাটেকর বলেন, প্রত্যেক মানুষকেই একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে। নিজের ভবিষ্যৎ নিয়েও নিশ্চিত নন বলে মন্তব্য করেন তিনি।
মারাঠি ভাষায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে। আমি জানি না আগামীকাল আমি এখানে থাকব কি না।’
এরপর জীবনের লক্ষ্য নিয়েও একটি প্রশ্নের কথা বলেন তিনি। তার বক্তব্য ছিল, প্রত্যেক মানুষের নিজেকে প্রশ্ন করা উচিত, তিনি সত্যিই যা করতে চান তা করতে পারছেন কি না।
সেদিনের অনুষ্ঠানে উপস্থিত কেউ হয়তো ভাবেননি, কয়েক দিনের মধ্যেই নানা পাটেকরের সেই কথাগুলো এতটা তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।
হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু
বৃহস্পতিবার ভোরে গোয়ার নিজের বাসভবনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নানা পাটেকর। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাকে বাঁচানোর জন্য জরুরি চিকিৎসা শুরু করেন।
মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. শেখর সালকার জানান, প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দেওয়া হলেও অভিনেতাকে আর বাঁচানো সম্ভব হয়নি। ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
চিকিৎসকেরা জানান, ঘটনাটি মেডিকো-লিগ্যাল কেস হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তার মরদেহের ময়নাতদন্তও করা হবে।
মৃত্যুর আগে নানা পাটেকরকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘ও রোমিও’ সিনেমায়। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন শাহিদ কাপুর, তৃপ্তি দিমরি, অবিনাশ তিওয়ারি ও দিশা পাটানি।









