GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / ক্যাম্পাস / ভিসিকে সঙ্গে নিয়ে রামেবিতে বিএনপি নেতারা, প্রশাসনের উদ্যোগে কক্ষের তালা খোলা

ভিসিকে সঙ্গে নিয়ে রামেবিতে বিএনপি নেতারা, প্রশাসনের উদ্যোগে কক্ষের তালা খোলা

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে তার উপশহরের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নিয়ে গেছেন বিএনপি নেতাকর্মীরা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপাচার্যের কক্ষের তালা কেটে খুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপাচার্য তার দপ্তরে প্রবেশ করেন।

তালা খোলার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন উপস্থিত ছিলেন। কক্ষ খোলার পর মামলার তদন্তকারী কর্মকর্তা সেখান থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।

উপাচার্যকে বাসা থেকে নিয়ে আসার সময় মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদিন শিবলী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জনি, যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন ও সিনিয়র সহ-সভাপতি মো. আবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন বলেন, ‘বহিরাগত কেউ কক্ষটিতে তালা ঝুলিয়েছিল। তালা খুলে কক্ষটি তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।’

যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা এবং মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় তারা উপাচার্যকে বাসা থেকে সসম্মানে নিয়ে এসেছেন। কোনো ধরনের দখল বা সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপি ও এর অঙ্গসংগঠন প্রশ্রয় দেয় না বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ওই ঘটনায় দলের কোনো নেতাকর্মী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উপাচার্যকে জোর করে পদত্যাগপত্রে সই করানো এবং বিশ্ববিদ্যালয়ের সেকশন কর্মকর্তা মো. নাজমুল হোসাইনকে লাঞ্ছিত করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগে করা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন বিএনপিকর্মী আলী আকবর হোসাইন ও মো. দেলোয়ার হোসেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার ভিডিও ও ছবি বিশ্লেষণ করে আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৬ অক্টোবর রামেবির অস্থায়ী কার্যালয়ে উপাচার্যকে পদত্যাগপত্রে জোরপূর্বক সই করতে বাধ্য করার অভিযোগ ওঠে। উপাচার্যের দাবি, তাকে কাগজটি পড়ার সুযোগ দেওয়া হয়নি এবং লাঞ্ছিত হওয়ার আশঙ্কায় তিনি সই করতে বাধ্য হন। পরে তাকে কার্যালয় থেকে বের করে দেওয়া হয়।

ওই ঘটনায় ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়। এ পর্যন্ত মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার সকাল থেকেই জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির ডাক্তার জাঙ্গীরসহ ছাত্রদল, যুবদল ও উলামা দলের নেতারাও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করেন।

Social Icons