দেশের মানুষের কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্য খাতের বিভিন্ন পরিকল্পনা একসঙ্গে বাস্তবায়ন কঠিন হওয়ায় অগ্রাধিকার নির্ধারণ করে ধাপে ধাপে পাইলট প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ: নকশা ও প্রাতিষ্ঠানিক কাঠামো’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এ কর্মশালার আয়োজন করে।
স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নে গুরুত্ব
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য উপযোগী হলেও একসঙ্গে সব কার্যক্রম বাস্তবায়ন করা কঠিন। তাই নির্দিষ্ট কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে পাইলট প্রকল্পের মাধ্যমে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন ও এর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা জরুরি। এ আইনের ব্যাপক প্রয়োজন রয়েছে। আইন প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিতে বিভিন্ন দেশের আইন পর্যালোচনা করে সেগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
চিকিৎসা ব্যয়ের চাপ কমাতে হেলথ ইন্স্যুরেন্স
স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতে হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্যবিমার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চিকিৎসার ব্যয় সাধারণ মানুষের পকেট থেকে বহন করতে হওয়ায় অনেককে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ ধরনের আর্থিক দুর্ভোগ কমানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
তার মতে, স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়ানোর পাশাপাশি চিকিৎসা ব্যয়ের চাপ কমানোর দিকেও নজর দিতে হবে।
মা ও নারীর স্বাস্থ্যসেবায় বিশেষ উদ্যোগ
নারীদের স্বাস্থ্যসেবার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গর্ভকালীন সময়ে মা ও নারীদের বিব্রতকর ও অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে রক্ষা করতে হবে।
তিনি জানান, স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ওয়ান-স্টপ সার্ভিসে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এর আওতায় স্ক্রিনিংয়ের মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে ব্রেস্ট ক্যানসার ও সার্ভিকাল ক্যানসার শনাক্তের পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র ও চীনে এ ধরনের প্রযুক্তির সফল ব্যবহারের কথা উল্লেখ করে তিনি বলেন, কম খরচে দেশের সব উপজেলায় এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্য খাতের অনিয়ম দূর করার আহ্বান
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম ও বিভিন্ন চ্যালেঞ্জ দূর করতে সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে একযোগে কাজ করতে হবে। দেশের প্রতিটি স্তরে পর্যায়ক্রমে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুক হকসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









